পুরসভার সামনে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ‘বিশ্ববাংলা’ ভাস্কর্য – এবেলা

এবেলা ডেস্কঃ
বাঁকুড়া: জেলাজুড়ে তীব্র উত্তেজনা। বাঁকুড়া পুরসভার সামনে থাকা তৃণমূল (TMC) সরকারের অন্যতম প্রতীক ‘বিশ্ববাংলা’ ভাস্কর্যটি আচমকাই ভেঙে গুঁড়িয়ে দিল উত্তেজিত স্থানীয় বাসিন্দারা। প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এই নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, এদিন দুপুরে আচমকাই পুরসভার সামনে স্থানীয় বাসিন্দাদের একাংশ দলবদ্ধ হয়ে জড়ো হন। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা সেখানে থাকা বিশ্ববাংলা লোগোটি লক্ষ্য করে ভাঙচুর শুরু করেন এবং মুহূর্তের মধ্যে সেটিকে সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেন। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সেখানে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এই লোগো ভাঙার পেছনে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে স্থানীয় কোনো পুঞ্জীভূত ক্ষোভ—তা সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
