পুলিশে ১,৪৫৬ ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, বেতন ১৬ হাজার টাকা!

রাজ্যজুড়ে ডেটাবেস তৈরিতে জোর দিয়ে এজেন্সির মাধ্যমে চুক্তির ভিত্তিতে মোট ১,৪৫৬ জন ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও নিয়োগ করছে রাজ্য সরকার। এর মধ্যে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের থানা, এসসিআরবি ও সিআইডিতে ১,৪৪৮ জন এবং ‘কমিশন অন ইন্সটিটিউশনাল কোরাপশন’-এ ৮ জন নিয়োগ পাবেন। আগে বেশিরভাগ ক্ষেত্রে হোমগার্ড বা সিভিক ভলান্টিয়ারদের দিয়ে থানার অপরাধ ও বৈদ্যুতিন তথ্য এসসিআরবি-তে পাঠানোর কাজ চললেও এবার থেকে দক্ষ ডিইও-রা সেই দায়িত্ব সামলাবেন। ভবানী ভবনের নির্দেশ অনুযায়ী, নিয়োগকারী এজেন্সিকে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার শংসাপত্র, পরিচয়পত্র ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পিসিসি যাচাই করতে হবে এবং পিসিসি ছাড়া নিয়োগ করা যাবে না।
প্রত্যেক ডিইও-কে মাসের সাত তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬ হাজার টাকা বেতন দিতে হবে, নগদে নয়; পাশাপাশি দিতে হবে পে স্লিপ এবং জমা করতে হবে ইপিএফ ও ইএসআই। তথ্যের গোপনীয়তা বজায় রেখে পাসওয়ার্ড বা রেকর্ড বাইরে পাচার না করার বিষয়ে ডিইও ও এজেন্সিকে কড়া সতর্কতা দেওয়া হয়েছে। ডিইওরা সপ্তাহে এক দিন ছুটি ও বছরে ১৫ দিন ক্যাজুয়াল লিভ পাবেন, নিরাপত্তা বা প্রশাসনিক কারণে কেউ বাদ পড়লে কিংবা অনুপস্থিত থাকলে সাত দিনের মধ্যে বিকল্প দিতে হবে এবং দপ্তরের সঙ্গে সমন্বয়ের জন্য একজন সুপারভাইজার নিয়োগ করতে হবে।
