বক্স অফিসে ধীরগতি, ১৫ দিনেও বাজেটের লক্ষ্যমাত্রা ছুঁতে পারল না রণবীরের ‘রামায়ণ’

প্রযোজক নমিত মলহোত্র এবং পরিচালক নীতেশ তিওয়ারির উচ্চাভিলাষী প্রজেক্ট ‘রামায়ণ’-এর প্রথম পর্ব মুক্তির ১৫ দিন পার করলেও বক্স অফিসে আশানুরূপ গতি পায়নি। দুই পর্বে নির্মিত এই মহাকাব্যের প্রথম ভাগের বাজেট প্রায় ২ হাজার কোটি টাকা বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, গত ১৫ দিনে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় ১,৫৪৭.১৫ কোটি টাকা। এর মধ্যে ভারতের বাজার থেকে ১,০৩২.১৫ কোটি টাকা এবং বিদেশ থেকে ৫১৫ কোটি টাকা আয় হয়েছে। অর্থাৎ, মুক্তির দুই সপ্তাহ শেষে ছবিটি তার বাজেটের মাত্র ৭৭.৫ শতাংশ রিকভারি করতে পেরেছে।
নভেম্বর মাসে বড় কোনো ছবির সঙ্গে প্রতিযোগিতা না থাকলেও বক্স অফিসে আয়ের এই চিত্র কিছুটা হতাশাজনক। সাম্প্রতিক সময়ের হিট ছবিগুলোর সঙ্গে তুলনা করলে এই ফারাক আরও স্পষ্ট হয়। উদাহরণস্বরূপ, ‘জওয়ান’, ‘অ্যানিম্যাল’ বা ‘পুষ্পা ২’-এর মতো ছবিগুলো তাদের বাজেটের তুলনায় অনেক দ্রুত এবং কয়েক গুণ বেশি আয় করেছিল। ‘রামায়ণ’-এর ক্ষেত্রে বড় বাজেটের কারণে মূলধন তুলে আনা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও ছবির ভিএফএক্স এবং আধুনিক উপস্থাপনা দর্শকদের নজর কেড়েছে, তবে গল্পের গভীরতা ও সংগীত নিয়ে কিছু প্রশ্ন উঠেছে।
তবে নির্মাতাদের আশা, ভবিষ্যতে আয়ের পথ আরও প্রশস্ত হবে। ছবিটি বিশ্বের ৪০টি ভাষায় ডাব করে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া ২০২৭ সালে চিন, রাশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো বড় বাজারে ছবিটির মুক্তি বক্স অফিসের আয় বাড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। ওটিটি স্বত্ব এবং আন্তর্জাতিক বাজারের আয় যুক্ত হলে ছবিটি বাজেটের সীমা অতিক্রম করতে পারে। তবে প্রথম পর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় পর্বের ক্ষেত্রে নির্মাতা ও লেখকদের আরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
