বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হতে চলেছেন মির্জা ফখরুল: বিএনপির মাস্টারস্ট্রোক, নজর দিল্লির – এবেলা

এবেলা ডেস্কঃ
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন বিএনপি-র বর্ষীয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগির। শাসকদল বিএনপি-র তরফে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গত ২৪ জুলাই প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন মেয়াদ শেষের আগেই পদত্যাগ করায় বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২০ অগাস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সংসদে বিএনপি-র স্পষ্ট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় ৭৮ বছর বয়সি মির্জা ফখরুলের জয় স্রেফ সময়ের অপেক্ষা।
রাষ্ট্রপতি পদে মনোনীত হওয়ার পরেই মির্জা ফখরুল বিএনপি-র মহাসচিব এবং স্থায়ী কমিটির পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাঁর বিপরীতে প্রধান বিরোধী জোটের শরিক এলডিপি (LDP) নেতা কর্নেল (অব.) ওলি আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করলেও ফখরুলের জয় কার্যত নিশ্চিত।
ছাত্রজীবনে বামপন্থী রাজনীতি থেকে উঠে আসা অর্থনীতিবিদ মির্জা ফখরুল পরবর্তীতে বিএনপি-তে যোগ দেন এবং দলের সংকটকালে খালেদা জিয়া ও তারেক রহমানের অনুপস্থিতিতে বিএনপি-র শক্ত কান্ডারি হিসেবে কাজ করেছেন। সম্প্রতি নির্বাচিত সরকারে তিনি স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছিলেন।
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, মির্জা ফখরুল বরাবরই কঠোর ‘ভারত বিরোধী’ মনোভাবাপন্ন নেতা হিসেবে পরিচিত এবং চিনের সঙ্গে ঘনিষ্ঠতার পক্ষে সওয়াল করে এসেছেন। ফলে তিনি রাষ্ট্রপতি পদে বসলে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেবে, সেদিকেই নজর রাখছে আন্তর্জাতিক মহল। তাছাড়া বিএনপি সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়ায়, রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফখরুলকে বঙ্গভবনে পাঠানো দলের একটি সুচিন্তিত পদক্ষেপ।
