বাংলাদেশে আটক প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং আওয়ামি লিগের প্রবীণ নেতা নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে ঢাকার উত্তরার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বৃহস্পতিবার ভোরে তাঁকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ২০২৪ সালের জুলাই-অগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন একাধিক হত্যাকাণ্ডের মামলায় তাঁর নাম রয়েছে।
উত্তরা পশ্চিম থানার ওসি মহম্মদ খালিদ মনসুর জানিয়েছেন, রাত ২টো ২০ মিনিট নাগাদ উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই নুরুল ইসলাম নাহিদ প্রকাশ্যে ছিলেন না। সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানিবাজার এলাকায় ছাত্র আন্দোলনের সময় হওয়া হত্যাকাণ্ডের একাধিক মামলায় তাঁকে প্রধান অভিযুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
আওয়ামি লিগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদ সিলেট-৬ আসনের প্রাক্তন সাংসদ। ২০০৮ সালে আওয়ামি লিগ ক্ষমতায় আসার পর তিনি টানা প্রায় ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি তাঁদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের আইনি প্রক্রিয়ার দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
