শক্তি হারিয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত আকভান, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

শক্তি হারিয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত আকভান, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

স্থলভাগে আছড়ে পড়ার আগেই শক্তি হারাতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে শক্তি কমে এটি এখন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মাঝে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং দমকা হাওয়ার সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় সারাদিন বৃষ্টির পাশাপাশি ঘন ঘন বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যার জেরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

শুক্রবার ও শনিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরের দু-এক জায়গায় হালকা বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *