বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে শিক্ষককে অপহরণের চেষ্টা ও ছিনতাই

শিলিগুড়ির কানকাটা মোড় এলাকায় এক শিক্ষকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত শিক্ষকের নাম সচিন রাই। অভিযোগ, বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে এক ব্যক্তি তাঁকে বাইকে তুলে নেয়। কিন্তু কিছুটা যাওয়ার পর বাইক চালক পথ পরিবর্তন করলে শিক্ষকের সন্দেহ হয়। বিপদের আশঙ্কা বুঝতে পেরে তিনি চলন্ত বাইক থেকে নেমে পড়েন।
অভিযোগ অনুযায়ী, বাইক থেকে নেমে পড়ার পর দুষ্কৃতীরা বাইক থামিয়ে ওই শিক্ষকের কাছ থেকে নগদ ১০ থেকে ১২ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ওই শিক্ষক রাতেই আশিঘর ফাঁড়িতে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।
আক্রান্ত শিক্ষকের দাবি, বাইপাস এলাকায় মদ্যপদের উপদ্রব ক্রমশ বাড়ছে, যা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের অপরাধমূলক ঘটনা রুখতে এলাকায় নিয়মিত পুলিশি টহলদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
