ভোট তালিকা যাচাই ও সচেতনতায় বিশেষ কর্মসূচি কংগ্রেসের, ২৬ নভেম্বর দেশজুড়ে আন্দোলনের ডাক

ভোট তালিকা যাচাই ও সচেতনতায় বিশেষ কর্মসূচি কংগ্রেসের, ২৬ নভেম্বর দেশজুড়ে আন্দোলনের ডাক

ভোটার তালিকা যাচাই এবং ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিল কংগ্রেস। দলের হাইকম্যান্ডের নির্দেশ অনুযায়ী, প্রতিটি বুথ স্তরে ‘ভোট রক্ষক’ নিয়োগ করা হবে। এই কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই করবেন এবং কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে কি না, তা খতিয়ে দেখবেন। আগামী ২২ থেকে ৩০ নভেম্বরের মধ্যে এই বিশেষ কর্মসূচি সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নিযুক্ত ‘ভোট রক্ষক’দের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁরা বুথভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা তৈরি করে সরাসরি দলীয় নেতৃত্বের কাছে রিপোর্ট জমা দেবেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন, ভোটার তালিকা নিয়ে সাম্প্রতিক সময়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দলের এই কর্মীরা সাধারণ মানুষকে ভোটদানের অধিকার সম্পর্কে সচেতন করার কাজও করবেন।

আগামী ২৬ নভেম্বর সংবিধান দিবসকে সামনে রেখে দেশজুড়ে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগান তুলে প্রচার চালাবে কংগ্রেস। এই কর্মসূচির মাধ্যমে গ্রাম ও স্থানীয় স্তরে ছোট ছোট সভা করে জনমত গঠনের পরিকল্পনা রয়েছে দলের। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে অসন্তোষ রয়েছে, তাকেই রাজনৈতিক হাতিয়ার করে শাসক শিবিরের বিরুদ্ধে সুর চড়াতে চাইছে হাত শিবির। এই কর্মসূচির মাধ্যমে ভোটারদের অধিকার রক্ষার বার্তা দেওয়ার পাশাপাশি বড়সড় জনসংযোগের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *