বিনিয়োগের নামে ৪ কোটি টাকার প্রতারণা, মামলা দায়ের অভিনেতা আয়ুষ শাহের অভিযোগে

বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে চার কোটি ৪৪ লক্ষ টাকারও বেশি প্রতারণার শিকার হলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আয়ুষ শাহ। ‘মহাভারত’, ‘নব্যা’ ও ‘উত্তরণ’-এর মতো ধারাবাহিকে অভিনয় করা আয়ুষ এবং তাঁর বোনের সঙ্গে এই জালিয়াতির ঘটনায় মুম্বইয়ের ওশিওয়ারা থানায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিশ্বজিৎ ঘোষ, তাঁর স্ত্রী পিয়ালি চট্টোপাধ্যায়, শবাব হুসেন, বিজয়া সুব্রতকুমার দাস এবং বাদল ঘোষ।
অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালে সমাজমাধ্যমের মাধ্যমে বিশ্বজিৎ ঘোষের সঙ্গে আয়ুষের পরিচয় হয়। বিশ্বজিৎ নিজেকে ‘মাইফ্লেজ প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থার কর্ণধার হিসেবে পরিচয় দিয়ে মোটা অঙ্কের লাভের প্রলোভন দেখান। আয়ুষ ও তাঁর বোন সেই ফাঁদে পা দিয়ে বিনিয়োগ করেন। অভিযোগ, বিনিয়োগের পর মাত্র একবার লাভের টাকা পেলেও পরবর্তীতে সংস্থার কাজকর্ম নিয়ে সন্দেহ তৈরি হয়। আয়ুষের বিশ্বাস অর্জনের জন্য অভিযুক্তরা জাল নথি ও সম্পত্তির কাগজপত্র দেখিয়েছিলেন বলে অভিযোগ।
পরবর্তীতে টাকা ফেরত দেওয়ার জন্য দেওয়া ৩২টি চেক বাউন্স করলে আয়ুষ প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। ২০২৪ সালে তিনি নিজের বিনিয়োগ করা মূল টাকা থেকে ১ কোটি ৩০ লক্ষ টাকা ফেরত চাইলে অভিযুক্তরা উল্টে তাঁর কাছে আরও টাকা দাবি করেন। শেষপর্যন্ত আদালতের নির্দেশে ওশিওয়ারা পুলিশ প্রতারণা, বিশ্বাসভঙ্গ, জালিয়াতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করেছে। বর্তমানে পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছে।
