মুম্বইয়ে বাজি ফাটানোয় সম্পূর্ণ নিষেধাজ্ঞার পথে হাইকোর্ট

মুম্বইয়ের ক্রমবর্ধমান বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনতে এবার কঠোর পদক্ষেপের পথে হাঁটছে বম্বে হাইকোর্ট। বিচারপতি জিএস কুলকার্নি এবং বিচারপতি ডঃ নীলা গোখলের ডিভিশন বেঞ্চে মুম্বইয়ের দূষণ সংক্রান্ত একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলছিল। আদালত পর্যবেক্ষণ করেছে যে, দীপাবলির সময় প্রশাসনের বারবার সতর্কতা ও সময়সীমা বেঁধে দেওয়া সত্ত্বেও নাগরিকদের একাংশ নিয়ম লঙ্ঘন করেছেন। এর ফলে শহরের বাতাসের গুণমান দ্রুত খারাপ ও বিষাক্ত হয়ে উঠেছিল, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
শুনানি চলাকালীন বিচারপতিরা উল্লেখ করেন, দীপাবলির সময় মুম্বইয়ের বায়ুর গুণমান সূচক বা একিউআই বিপজ্জনক মাত্রায় পৌঁছে গিয়েছিল। এছাড়া উৎসবের রাতে নির্ধারিত সময়সীমা পেরিয়ে রাত ৩টে পর্যন্ত শব্দবাজি ফাটানো হয়েছে, যা তীব্র শব্দদূষণ তৈরি করেছে। বিচারপতি কুলকার্নি উদ্বেগ প্রকাশ করে জানান, দীপাবলির সময় শহরে ৩৩২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দূষণের ভয়াবহতা এবং স্বাস্থ্যের ওপর এর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে বলেও আদালত ক্ষোভ প্রকাশ করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদালত ব্যক্তিগতভাবে আতশবাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে। এর পরিবর্তে বিশ্বের অন্যান্য দেশের মতো প্রশাসনের অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট স্থানে ‘কমিউনিটি ফায়ারওয়ার্কস’ বা সম্মিলিত আতশবাজি প্রদর্শনীর আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, শহরের লক্ষ লক্ষ মানুষের বৃহত্তর স্বার্থে এবং জীবনযাত্রার মান সুরক্ষিত রাখতে এবার কঠোর নির্দেশ জারি করা প্রয়োজন, কারণ পুলিশ ও পুরসভার প্রচেষ্টা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।
