বিস্ফোরক তৈরির রাসায়নিক বোঝাই জাহাজ আটক ইন্দোনেশিয়ায়, গন্তব্য ছিল বাংলাদেশ

ইন্দোনেশিয়ার নৌবাহিনী বিস্ফোরক তৈরির কাঁচামাল হিসেবে পরিচিত সোডিয়াম পারক্লোরেট বোঝাই একটি জাহাজ আটক করেছে। কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটি চিন থেকে বাংলাদেশের দিকে যাচ্ছিল।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১ জানিয়েছে, গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলের জলসীমায় জ্বালানি নেওয়ার সময় জাহাজটিকে আটক করা হয়। নৌবাহিনীর টহলদারি জাহাজ কেআরআই সিগালু-৮৫৭-এর কর্মীদের সন্দেহজনক গতিবিধি নজরে আসার পর জাহাজটি থামানো হয়।
তল্লাশির সময় জাহাজের নথিপত্র ও পণ্যসামগ্রীতে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। নৌবাহিনীর তথ্য অনুযায়ী, জাহাজটিতে থাকা ৩৬টি কন্টেনারের মধ্যে ১৫টিতে মোট ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট ছিল। এই রাসায়নিকটি শক্তিশালী অক্সিডাইজিং উপাদান, যা বিস্ফোরক তৈরিতেও ব্যবহৃত হয়।
জাহাজটির নথিপত্রের বৈধতা বর্তমানে স্থগিত রয়েছে। ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, বিপজ্জনক পণ্য পরিবহণ সংক্রান্ত নিয়মাবলী এবং যাত্রার আইনগত অনুমোদনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে জাহাজটির কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত চলছে।
