বোল্লা কালীপুজোয় হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি, উপচে পড়া ভিড়

দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বোল্লা কালীপুজোয় এবার হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির আয়োজন করা হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তারাপীঠ ও তারকেশ্বরের আদলে বোল্লা কালীমন্দিরেও ভক্তদের জন্য ফুল ছড়ানো হয়। এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে মন্দির চত্বরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

আকাশ থেকে ফুলের বৃষ্টি দেখতে অসংখ্য ভক্ত ভিড় জমান। প্রশাসন সূত্রে খবর, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চার দিনের এই মেলায় ১২ লক্ষেরও বেশি মানুষের সমাগম হতে পারে। দক্ষিণ দিনাজপুর ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত, ভিন্‌রাজ্য এমনকি বিদেশ থেকেও বহু ভক্ত মায়ের আশীর্বাদ নিতে এসেছেন।

ভক্তদের বিশ্বাস, মা বোল্লা অত্যন্ত জাগ্রত। তাই মানত পূরণ হলে পুজো দেওয়া এবং পাঠা বলিদান দেওয়ার দীর্ঘদিনের রীতি এখানে প্রচলিত। দূরদূরান্ত থেকে আসা ভক্তদের ভিড়ে মন্দির ও মেলা চত্বর এখন উৎসবের আমেজে মুখরিত।

বোল্লা কালীপুজোর নেপথ্যে রয়েছে এক প্রাচীন লোককথা। কথিত আছে, ইংরেজ আমলে এক জমিদার আইনি জটিলতায় জড়িয়ে পড়ে রক্ষাকালী মায়ের কাছে মানত করেছিলেন যে, মামলায় জয়ী হলে রাস পূর্ণিমার পরের শুক্রবার ধুমধাম করে পুজো দেবেন। সেই মামলায় জয়ী হওয়ার পর থেকেই এই বিশেষ দিনে পুজোর প্রচলন শুরু হয়। শতাব্দীপ্রাচীন এই ঐতিহ্য ও লোকবিশ্বাসকে কেন্দ্র করে বোল্লা কালীপুজো বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *