ব্লু লাইনে রক্ষণাবেক্ষণের কাজ, পাঁচ রবিবার মেট্রো পরিষেবায় কাটছাঁট

কলকাতা মেট্রোর ব্লু লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী পাঁচটি রবিবার পরিষেবা আংশিক ব্যাহত থাকবে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে এই মেরামতির কাজ সম্পন্ন করা হবে। এর ফলে যাত্রীদের যাতায়াতে সাময়িক অসুবিধার সম্মুখীন হতে হবে।
প্রথম চারটি রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকবে। তবে এই সময়ে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রাখা হবে। সন্ধ্যা ৬টার পর থেকে গোটা রুটে ফের মেট্রো চলাচল শুরু হবে বলে জানানো হয়েছে।
আগামী ১৩ ডিসেম্বর পরিষেবায় কিছুটা ভিন্ন পরিবর্তন আনা হয়েছে। ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। তবে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। এছাড়া এই পাঁচ দিন জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বরগামী সরাসরি মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।
রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। রবিবার যারা মেট্রোয় যাতায়াতের পরিকল্পনা করছেন, তাদের আগে থেকেই বিকল্প পরিবহণের ব্যবস্থা করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য মেট্রো রেলের তরফে দুঃখপ্রকাশ করা হয়েছে।
