কোচবিহারের সাগরদিঘিতে ছটপুজোর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

কোচবিহারের ঐতিহাসিক সাগরদিঘিতে ছটপুজো আয়োজন নিয়ে চলা দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটল। কলকাতা হাইকোর্টের নির্দেশে চলতি বছর সেখানে ছটপুজো করার অনুমতি মিলেছে। আদালতের এই রায়ের ফলে হরিজন সমাজ এবং পুজো উদ্যোক্তাদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
জানা গেছে, ২০২৪ সালেও সাগরদিঘিতে ছটপুজো আয়োজন নিয়ে প্রশাসনিক বাধার মুখে পড়তে হয়েছিল উদ্যোক্তাদের। সেবারও আদালতের হস্তক্ষেপে পুজো সম্পন্ন হয়েছিল এবং গত দু’বছর নির্বিঘ্নেই অনুষ্ঠান আয়োজিত হয়েছে। তবে এ বছর ফের অনুমতি পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। সমস্যা সমাধানে উদ্যোক্তারা প্রথমে জেলাশাসকের দফতর এবং পরে কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর দ্বারস্থ হয়েছিলেন।
প্রশাসনিক স্তরে কোনো সমাধান সূত্র না মেলায় উদ্যোক্তারা শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালতের রায়ে পুজো আয়োজনের অনুমতি পাওয়ার পর বিশ্ব হিন্দু পরিষদের জেলা নেতৃত্ব এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আদালতের এই রায়ের ফলে দীর্ঘদিনের অনিশ্চয়তা কেটে যাওয়ায় খুশি স্থানীয় হরিজন সম্প্রদায়ের মানুষ।
