ভারতের আকাশে এবার মার্কিন গর্জন, তৈরি হবে যুদ্ধবিমানের শক্তিশালী ইঞ্জিন!

ভারতে এফ-৪১৪ যুদ্ধবিমানের ইঞ্জিন উৎপাদনে জিই অ্যারোস্পেস ও এইচএএল-এর আলোচনা চূড়ান্ত পর্যায়ে
যুক্তরাষ্ট্রের জিই অ্যারোস্পেস (GE Aerospace) এবং ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) যৌথভাবে ভারতে এফ-৪১৪ যুদ্ধবিমানের ইঞ্জিন উৎপাদনের কারিগরি আলোচনা সফলভাবে সম্পন্ন করেছে। জিই অ্যারোস্পেসের ভাইস প্রেসিডেন্ট রিতা ফ্লাহের্টি নিশ্চিত করেছেন যে, চুক্তির জটিল প্রযুক্তিগত পর্বটি শেষ হয়েছে এবং বর্তমানে দাম, উৎপাদনের সময়সীমা ও প্রযুক্তিগত সহায়তার মতো বাণিজ্যিক বিষয়গুলো চূড়ান্ত করা হচ্ছে। ২০২৩ সালের ডিসেম্বরে মার্কিন কংগ্রেসের অনুমোদন পাওয়া ৮০ শতাংশ প্রযুক্তি হস্তান্তরের এই প্রক্রিয়াটি চলতি বছরের শেষ নাগাদ চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের দিকে এগিয়ে যাচ্ছে।
এই এফ-৪১৪ টার্বোফ্যান ইঞ্জিনগুলো ১২০টিরও বেশি ‘তেজাস এমকে-২’ যুদ্ধবিমান এবং ভারতের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার ‘এএমসিএ এমকে-১’-এর প্রথম দুটি স্কোয়াড্রনে ব্যবহার করা হবে। ‘মেক ইন ইন্ডিয়া’ অভিযানের আওতায় এই প্রযুক্তি হস্তান্তরের ফলে এইচএএল দেশেই ইঞ্জিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরি করতে সক্ষম হবে। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির প্রভাব সত্ত্বেও উভয় পক্ষ এ চুক্তিতে পৌঁছাতে বদ্ধপরিকর। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ ভারতে এই ইঞ্জিনের উৎপাদন শুরু হবে, যা ২০৪০ সাল পর্যন্ত ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধি করবে।
