ভারত কি প্রস্তুত? হিমালয়ের রুদ্ররোষে বড় বিপদের মুখে প্রতিবেশী দেশ! – এবেলা

ভারত কি প্রস্তুত? হিমালয়ের রুদ্ররোষে বড় বিপদের মুখে প্রতিবেশী দেশ! – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রকৃতির ভয়াবহ তাণ্ডবে ছারখার নেপাল। পাহাড়ের কোলে অবস্থিত এই দেশে শয়ে শয়ে মানুষের মৃত্যুর পর এবার ভারতকে নিয়ে চরম সতর্কবার্তা দিলেন নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল। তিনি সাফ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে ভারতও এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ককে স্মরণ করিয়ে তিনি বলেন, বর্তমান সময়ের প্রেক্ষিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে পরিবেশগত ও বাস্তুতান্ত্রিক সুরক্ষার নিরিখে নতুনভাবে দেখা অত্যন্ত জরুরি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিশির খানাল জানান, হিমালয় গললে তার প্রভাব সামুদ্রিক জলস্তর ও পার্শ্ববর্তী অঞ্চলে পড়েই। সম্প্রতি আচমকা জলস্তর বেড়ে নেপালের একাধিক এলাকা ও শহর ধ্বংস হয়ে গিয়েছে। পরিবেশগতভাবে চিন, নেপাল, ভারত এবং ভুটান একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। হিমালয় বাঁচানোর উপরেই গোটা অঞ্চলের ভবিষ্যৎ নির্ভর করছে। এই হড়পা বান এখনও ভারতে না এলেও ভবিষ্যতে বড় বিপদ ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ইতিমধ্যে এই ভয়াবহ বিপর্যয়ে প্রায় ২৮৮ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন বলে বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *