ভোটগণনার আগে নোয়াপাড়ায় শুটআউট, বিজেপি নেতার বাড়িতে হামলার নেপথ্যে ‘গটআপ’ গেম? – এবেলা

এবেলা ডেস্কঃ
বাংলার হাইভোল্টেজ নির্বাচনের ফলাফল ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। একদিকে বিজেপি একে তৃণমূলের সন্ত্রাস বলে দাগিয়ে দিয়েছে, অন্যদিকে তৃণমূল প্রার্থী একে বিজেপির সাজানো বা ‘গটআপ’ ঘটনা বলে পাল্টা দাবি করেছেন।
সিসিটিভি ফুটেজে বাইকবাহিনী ও বিজেপি নেতার অভিযোগ
নোয়াপাড়ার বিজেপি নেতা কুন্দন সিংয়ের বাড়ির সামনে রবিবার দুপুরে দুই দুষ্কৃতী বাইকে চড়ে এসে অতর্কিতে গুলি চালায়। সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই দৃশ্য ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কুন্দন সিং সরাসরি অভিযুক্ত হিসেবে আকাশ চৌধুরী গোলু এবং আমন চৌধুরী নামে দুই যুবকের নাম উল্লেখ করে এফআইআর করেছেন। তাঁর দাবি, এই দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত এবং স্থানীয় তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের ঘনিষ্ঠ। এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে ভোটগণনার আগে বিজেপি কর্মীদের মনোবল ভাঙতেই এই হামলা চালানো হয়েছে বলে তাঁর অভিযোগ।
তৃণমূলের পাল্টা দাবি ও পুলিশের ভূমিকা
তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, অভিযুক্তরা আদতে বিজেপিরই লোক। তাঁর মতে, আগের রাতে তৃণমূল সমর্থকের ওপর হামলার ঘটনা আড়াল করতে এবং মানুষের সহানুভূতি পেতে বিজেপি নিজেরাই এই নাটক সাজিয়েছে। তিনি বলেন, “আমি নোয়াপাড়ায় শান্তি চাই, পুলিশ অবিলম্বে এদের গ্রেফতার করুক।” নির্বাচন কমিশন এবং পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। গণনার ঠিক আগে এই ধরণের হিংসাত্মক ঘটনা নোয়াপাড়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।
