মনসা পুজোয় অধদিবস ছুটির বড় নির্দেশ রাজ্য সরকারের! তবে কি সবাই পাবেন এই সুযোগ? – এবেলা

এবেলা ডেস্কঃ
মনসা পুজো উপলক্ষে রাজ্যে প্রথমবার অর্ধদিবস ছুটির কথা ঘোষণা করেছে সরকার। স্থানীয় ঐতিহ্য ও পুজো উদযাপনের গুরুত্ব বিবেচনা করে মঙ্গলবারে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দুপুর ২টোর পর থেকে সংশ্লিষ্ট এলাকার সমস্ত রাজ্য সরকারি দফতর এবং স্কুল-কলেজ বন্ধ হয়ে যাবে। পাশাপাশি এই ছুটির আওতায় অন্তর্ভুক্ত থাকছে রাজ্য সরকারের অধীনস্থ স্ট্যাটুটরি বডি, বিভিন্ন বোর্ড, কর্পোরেশন এবং নিয়ন্ত্রণাধীন অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও।
তবে সরকারের জারি করা এই নয়া নির্দেশিকা রাজ্যের সমস্ত জেলার সাধারণ মানুষ বা সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য হচ্ছে না। বিজ্ঞপ্তি সূত্রে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে, মনসা পুজোর জন্য এই অর্ধদিবসের বিশেষ ছুটি কেবল পুরুলিয়া ও বাঁকুড়া জেলার জন্যই কার্যকর থাকবে। ওই দুই নির্দিষ্ট জেলার বাসিন্দারাই কেবল মঙ্গলবার দুপুর ২টোর পর এই ছুটির সুবিধা পাবেন, বাকি জেলাগুলিতে স্বাভাবিক নিয়মেই কাজ চলবে।
