মহিলা বিলের আড়ালে সীমানা পুনর্নির্ধারণের চক্রান্ত! মোদী সরকারকে তীব্র আক্রমণ মমতার

নারী সংরক্ষণ বিলকে হাতিয়ার করে কেন্দ্র সরকার রাজনৈতিক চক্রান্তে লিপ্ত হয়েছে বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই বিলের আড়ালে নির্বাচনী কেন্দ্রগুলোর সীমানা পুনর্নির্ধারণ বা ‘ডিলিমিটেশন’ প্রক্রিয়া সম্পন্ন করার কৌশল নিয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মহিলাদের ঢাল হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই কেন্দ্র সরকার এই বিলের সঙ্গে সীমানা পুনর্নির্ধারণের শর্ত জুড়ে দিয়েছে।
তৃণমূল নেত্রীর স্পষ্ট বক্তব্য, তাঁর দল নারী সংরক্ষণের বিরোধী নয়, বরং তাঁরা বিলের সঙ্গে জুড়ে দেওয়া শর্তের বিরোধিতা করছেন। তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেসের সংসদ ও বিধানসভায় মহিলা প্রতিনিধিদের হার দেশজুড়ে সর্বাধিক। মুখ্যমন্ত্রীর মতে, এই পদক্ষেপ প্রকৃত নারী ক্ষমতায়নকে দীর্ঘসূত্রিতার মুখে ঠেলে দেবে এবং এটি কেবল কেন্দ্রের রাজনৈতিক স্বার্থসিদ্ধির একটি কৌশল মাত্র। এই ঘটনায় সংসদে বিজেপি সরকারের পতনের সূচনা হয়েছে বলে মন্তব্য করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, এর প্রভাব অচিরেই বাংলায় দেখা যাবে।
