রাতের অন্ধকারে কাঁটাতার পেরনোর চেষ্টা ভেস্তে দিল বিএসএফ, তেহট্টে গ্রেপ্তার বাংলাদেশি ও দালাল! – এবেলা

রাতের অন্ধকারে কাঁটাতার পেরনোর চেষ্টা ভেস্তে দিল বিএসএফ, তেহট্টে গ্রেপ্তার বাংলাদেশি ও দালাল! – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতায় দিনকয়েক কাটানোর পর রাতের অন্ধকারে বেআইনিভাবে বাংলাদেশে ফেরার পথে সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবক ও তাঁর ভারতীয় সহযোগী দালালকে গ্রেপ্তার করেছে বিএসএফ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদীয়ার তেহট্ট থানার সীমান্ত লাগোয়া নফরচন্দ্রপুর গ্রামে। ধৃত বাংলাদেশি যুবকের নাম বাবুল হোসেন হালাদার, যাঁর বাড়ি বাংলাদেশের খুলনায়। পুলিশসূত্রে জানা গিয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই স্থানীয় দালাল তাঁকে সীমান্ত পার করানোর দায়িত্ব নিয়েছিল। বুধবার গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সীমান্তে টহলরত জওয়ানরা তাঁদের আটক করে তেহট্ট থানার পুলিশের হাতে তুলে দেন।

এই অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত পারাপারের পেছনে কোনো আন্তর্জাতিক পাচারকারী চক্র বা জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অতি সম্প্রতি রাজ্যে জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’-র সক্রিয়তার তথ্য সামনে আসায় এই ঘটনার গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ধৃত যুবক ঠিক কী উদ্দেশ্যে কলকাতায় এসেছিলেন এবং পূর্বে কীভাবে ভারতীয় সীমানায় প্রবেশ করেছিলেন, তা জানার চেষ্টা চলছে। পুলিশ উভয়কে হেফাজতে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং ভারতীয় দালালের ভূমিকাসহ পুরো ঘটনাটির গভীর তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *