রামপুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, আহত মা
November 28, 2026

বীরভূমের রামপুরহাটের হাসপাতাল পাড়া এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মল্লিকা ঘোষ নামে এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন। শনিবার সকালে বাড়ির ছাদে কাপড় মেলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
জানা গিয়েছে, বাড়ির ছাদের ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে একটি লোহার রড চলে আসায় এই বিপত্তি ঘটে। মল্লিকাদেবী ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। মেয়েকে বাঁচাতে গিয়ে তাঁর মা মঞ্জু ঘোষও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা দুজনকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মল্লিকা ঘোষকে মৃত ঘোষণা করেন। মঞ্জু ঘোষ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার সূত্রে জানা গেছে, মল্লিকাদেবীর মেয়ে শুক্রবারই ডাক্তারি দ্বিতীয় বর্ষের পরীক্ষায় ভালো ফল করে উত্তীর্ণ হয়েছিলেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
