শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের সামনে দুটি শর্ত রাখল ভারত

বাংলাদেশে ছাত্র গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। মানবিক ও কূটনৈতিক সম্পর্কের খাতিরে ভারত তাঁকে আশ্রয় দিয়েছিল। তবে বর্তমানে তাঁর দেশে ফেরা নিয়ে আইনি প্রক্রিয়া ও শর্তের বিষয়টি সামনে এসেছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ আইনি বিষয় এবং সেই অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত সরকার দুটি প্রধান শর্তের কথা জানিয়েছে। প্রথমত, হাসিনাকে ফিরিয়ে নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। আকাশপথ বা স্থলপথ, যে মাধ্যমেই তাঁকে নিয়ে যাওয়া হোক না কেন, লজিস্টিকাল প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করতে হবে বাংলাদেশ সেনাকে। ভারত সরকার এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা করবে।
দ্বিতীয় শর্ত হিসেবে ভারত সরকার শেখ হাসিনার আইনি সুরক্ষার ওপর জোর দিয়েছে। জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে যে মামলা রয়েছে, তাতে যেন তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান এবং রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। ভারত চায়, হাসিনা যেন দেশে ফিরে যথাযথ বিচার প্রক্রিয়ার সম্মুখীন হন। তবে এই শর্ত যেন বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি হস্তক্ষেপ হিসেবে গণ্য না হয়, সে বিষয়েও সতর্ক রয়েছে নয়াদিল্লি।
উল্লেখ্য, হাসিনা এর আগে লন্ডনে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও তা সফল হয়নি। বর্তমানে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এবং আইনি লড়াইয়ের জন্য তাঁর দেশে ফেরা জরুরি বলে মনে করা হচ্ছে। ভারত সরকারও তাঁকে দেশে ফিরে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পরামর্শ দিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
