সরু রাস্তা দখল করে মাথা তুলছিল পাঁচতলা ইমারত! খবর পেয়েই বিধায়কের কড়া ‘অ্যাকশনে’ তোলপাড় এলাকা – এবেলা

সরু রাস্তা দখল করে মাথা তুলছিল পাঁচতলা ইমারত! খবর পেয়েই বিধায়কের কড়া ‘অ্যাকশনে’ তোলপাড় এলাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে রাস্তা দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখার নতুন নিয়ম চালুর মাঝেই কড়া পদক্ষেপ নিলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। শুক্রবার পুরসভার আধিকারিক ও পুলিশকে সঙ্গে নিয়ে ১৮ নম্বর ওয়ার্ডের এক সংকীর্ণ গলিতে চলা বেআইনি পাঁচতলা ভবনের নির্মাণকাজ অবিলম্বে বন্ধ করে দেন তিনি। বিধায়কের দাবি, ওই স্থানে সর্বোচ্চ তিনতলা বাড়ি তৈরির অনুমতি থাকলেও, বেআইনিভাবে পাঁচতলা কাঠামো গড়ে তোলা হচ্ছিল এবং চারদিকে প্রয়োজনীয় ফাঁকা জায়গাও রাখা হয়নি। এরপরই তিনি পুরসভাকে দ্রুত ‘স্টপ ওয়ার্ক’ নোটিস জারি করে বেআইনি অংশটি ভেঙে ফেলার নির্দেশ দেন।

এদিন মহম্মদ আফজল খান নামে স্থানীয় এক বাসিন্দার বেদখল হওয়া জমিও পরিদর্শন করেন বিধায়ক। তাঁর কড়া হস্তক্ষেপে সীমানা প্রাচীর ভেঙে দখল করা জমিতে পুনরায় পাঁচিল তোলা হয়। এই বেআইনি নির্মাণ চক্রের নেপথ্যে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নওশাদ আলম এবং তৎকালীন পুরবোর্ডের মদত রয়েছে বলে অভিযোগ তুলেছেন কৌস্তভ বাগচী। বিধায়ক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বেআইনি কাজের ক্ষেত্রে বিন্দুমাত্র আপস করা হবে না এবং আইন মেনেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জনপ্রতিনিধির এই তৎপরতায় স্বস্তির শ্বাস ফেলেছেন এলাকাবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *