সুমিত রায়ের নিরাপত্তা নিয়ে বড় ধাক্কা, হাই কোর্টের দ্বারস্থ স্ত্রী!

এবেলা ডেস্কঃ
সুমিত রায়ের স্ত্রীর মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ কলকাতা হাই কোর্টে
নিজস্ব প্রতিবেদন: শালবনির জমি দুর্নীতি মামলায় ধৃত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের স্ত্রীর করা মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই মামলার শুনানি হবে নিয়মিত বেঞ্চেই।
তৃণমূল সাংসদের আপ্তসহায়ক সুমিত রায়কে বর্তমানে জেল হেফাজতে রাখা হয়েছে। স্বামীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং তাকে এনকাউন্টার করা হতে পারে— এমন আশঙ্কায় আদালতে আবেদন জানিয়েছিলেন সুমিতের স্ত্রী সুস্মিতা রায়। একই সঙ্গে ডায়মন্ড হারবারের একটি পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকার সঙ্গে তার স্বামীর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।
মামলাকারী সুস্মিতার অভিযোগ, সুমিতকে ফাঁসানোর জন্য টাকা উদ্ধারের ঘটনাটি সাজানো হয়েছে। পুলিশি জেরায় শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে তার স্বামীর কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ তোলেন। এই ঘটনার তদন্তভার সিবিআই অথবা কোনো অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল (সিট)-এর হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি। হাই কোর্ট তাকে মামলা করার অনুমতি দিলেও, মঙ্গলবার আবেদনের প্রেক্ষিতে দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেয় আদালত।
উল্লেখ্য, শালবনির জমি দুর্নীতি মামলায় হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে সুমিতের জেল থেকে মুক্তি ও গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে করা আবেদনের প্রেক্ষিতে হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চও কোনো সাড়া দেয়নি।
