মহারাষ্ট্রে ইউসিসি নিয়ে বিস্ফোরক আসাদউদ্দিন ওয়াইসি!

মহারাষ্ট্রে ইউসিসি নিয়ে বিস্ফোরক আসাদউদ্দিন ওয়াইসি!

এবেলা ডেস্কঃ

 

ইউনিফর্ম সিভিল কোড নিয়ে সংখ্যালঘু সমাজকে কোণঠাসা করার অভিযোগ ওয়াইসির

মুম্বই: অভিন্ন দেওয়ানি বিধি বা ‘ইউনিফর্ম সিভিল কোড’ (ইউসিসি) নিয়ে কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারের উদ্যোগের তীব্র সমালোচনা করলেন এআইএমআইএম প্রধান ও সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, ইউসিসি-র নামে সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করার একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র চলছে।

ওয়াইসি দাবি করেন, সরকার জনগণের মতামতের জন্য যে প্রশ্নমালা তৈরি করেছে, তাতে বহুবিবাহ ও তালাকের মতো বিষয় থাকলেও ‘হিন্দু অবিভক্ত পরিবার’ (HUF) সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন রাখা হয়নি। তিনি প্রশ্ন তোলেন, সরকার যদি সত্যিই একটি সমান নাগরিক আইন আনতে চায়, তবে HUF-এর বিষয়টি এড়িয়ে যাওয়া হলো কেন? গুজরাট, উত্তরাখণ্ড, আসাম ও মধ্যপ্রদেশের পদাঙ্ক অনুসরণ করে মহারাষ্ট্রেও একই পথে হাঁটার অভিযোগ তুলে তিনি একে ‘ইউনিফর্ম সিভিল কোড’ না বলে রাজনৈতিক এজেন্ডা হিসেবেই চিহ্নিত করেন।

বম্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আরসি চহ্বানের পদত্যাগের প্রসঙ্গ টেনে ওয়াইসি জানান, খসড়া কমিটিতে কোনো সংখ্যালঘু প্রতিনিধির উপস্থিতি না থাকা নিয়ে বিচারপতি আপত্তি জানিয়েছিলেন। তিনি আরও বলেন, ইসলামি পার্সোনাল ল অনুযায়ী নিকাহ, তালাক ও সম্পত্তির অধিকারের যে নিজস্ব বিধান রয়েছে, তাকে উপেক্ষা করে এই আইন চাপিয়ে দেওয়া হচ্ছে। দেশে ইতিমধ্যে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’ কার্যকর থাকা সত্ত্বেও ইউসিসি আনার যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

ওয়াইসি বলেন, “বিজেপি নিজের রাজনৈতিক স্বার্থে এই আইনের রূপরেখা তৈরি করেছে।” পাশাপাশি, সমাজবাদী পার্টি ও কংগ্রেসের ভূমিকা নিয়েও তিনি কটাক্ষ করেন। বাবরী মসজিদ ধ্বংস ও মুম্বই জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষিতে কংগ্রেসের অতীতের অবস্থান নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

সংখ্যালঘু যুবসমাজের রাজনৈতিক ক্ষমতায়নের ওপর জোর দিয়ে ওয়াইসি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন, “আবদুল এখন আর শুধু পাঞ্চার বানাবে না, সে চাইলে রাজ্যের মুখ্যমন্ত্রীও হতে পারে।” এর মাধ্যমে তিনি মুসলিম যুবকদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকেই জোরালোভাবে তুলে ধরেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *