দাদার সম্পত্তিতে নাতিদের অধিকার নিয়ে সুপ্রিম কোর্টের বড় রায়!

এবেলা ডেস্কঃ
দাদার সম্পত্তিতে নাতিদের সরাসরি অধিকার নেই: রায় সুপ্রিম কোর্টের
নিজস্ব প্রতিবেদক: দাদার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে নাতিদের সরাসরি কোনো আইনি অধিকার নেই বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মাদ্রাজ হাইকোর্টের একটি রায়কে বহাল রেখে বিচারপতি অগাস্টিন জর্জ মসিহ এবং বিচারপতি সুনিতা আগরওয়ালের বেঞ্চ এই ঐতিহাসিক পর্যবেক্ষণ দিয়েছে।
মামলার বিবরণে জানা যায়, এক ব্যক্তি তাঁর বাবার প্রাপ্ত দাদার সম্পত্তিতে নিজের অধিকার দাবি করে অর্ধেক অংশ চেয়েছিলেন। ওই সম্পত্তি তাঁর বাবা আগেই বিক্রি করে দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে ওই ব্যক্তি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শীর্ষ আদালত তাঁর আবেদন খারিজ করে দিয়েছে।
আদালতের ব্যাখ্যা ও আইনি দিক:
সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী, উইল ছাড়া মারা যাওয়া কোনো হিন্দু ব্যক্তির সম্পত্তি হস্তান্তরের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। এই আইনের তফসিলে ‘প্রথম শ্রেণীর উত্তরাধিকারী’ (Class I heirs) হিসেবে পৌত্র বা নাতিদের সরাসরি উল্লেখ নেই। তাই দাদার সম্পত্তিতে নাতিরা সরাসরি কোনো জন্মগত অধিকার পান না।
আদালতের ব্যাখ্যা অনুযায়ী, কোনো ব্যক্তির মৃত্যুর পর তাঁর সম্পত্তি প্রথমে আইনত প্রথম শ্রেণীর উত্তরাধিকারীদের কাছে পৌঁছায়। তাঁদের মধ্যে যথাযথ বণ্টনের পরেই কেবল সেই অংশ সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত বা একক সম্পত্তিতে পরিণত হয়।
যৌথ পরিবারের সম্পত্তি ও মালিকানা:
আদালত স্পষ্ট করেছে, দাদার মৃত্যুর পর তাঁর সম্পত্তি সরাসরি প্রথম শ্রেণীর উত্তরাধিকারীদের কাছে হস্তান্তরিত হওয়ায় তা কোনো ‘যৌথ পরিবারের’ (HUF) সম্পত্তিতে পরিণত হয় না। সম্পত্তি বণ্টনের সাথে সাথেই প্রতিটি উত্তরাধিকারী সেই অংশের একক মালিকানা লাভ করেন।
এক্ষেত্রে আবেদনকারীর জন্মের আগেই দাদার মৃত্যুর পর আইনি উত্তরাধিকার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছিল এবং সেই সম্পত্তি নিয়ে অনেক আগেই সমঝোতা ও বিক্রয় দলিল তৈরি হয়েছিল। আদালত সাফ জানিয়েছে, যেহেতু পূর্বের সেই সব দলিলকে চ্যালেঞ্জ করা হয়নি, তাই নতুন করে নাতির কোনো অংশ দাবি করার আইনি সুযোগ নেই। এই রায়ের ফলে হিন্দু উত্তরাধিকার সংক্রান্ত সম্পত্তি বণ্টনের বিষয়ে আইনি অবস্থান আরও সুনির্দিষ্ট হলো।
