ভাইফোঁটায় কাটল বৃষ্টির ভ্রুকুটি, রাজ্যজুড়ে আকাশ পরিষ্কারের সুখবর!

এবেলা ডেস্কঃ
ভাইফোঁটায় স্বস্তি, কাটল দুর্যোগের ভ্রুকুটি: রাজ্যজুড়ে আকাশ পরিষ্কারের পূর্বাভাস নিজস্ব প্রতিবেদন: উৎসবের মরসুমে বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে ভাইফোঁটায় স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার রাজ্যের কোথাও বড় ধরনের ঝড়-বৃষ্টির আশঙ্কা নেই। আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ভাইফোঁটার দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোথাওই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়নি। মঙ্গলবার দুপুর থেকেই অবশ্য পরিস্থিতি বদলাতে শুরু করে। এদিন দুপুরের পর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়। পাশাপাশি হাওড়ার কিছু অংশে শিলাবৃষ্টির খবরও পাওয়া গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছিল। এই জেলাগুলিতে বজ্রপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছিল। তবে বুধবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে নিম্নচাপ কেটে যাওয়ায় নতুন করে কোনো ঘূর্ণিঝড়ের সতর্কতা নেই। রাজ্যজুড়ে ধীরে ধীরে শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে। মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বুধবার ভাইফোঁটার দিন পুরো রাজ্যেই আকাশ পরিষ্কার থাকার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। ফলে উৎসবের দিনে বৃষ্টির বাধা ছাড়াই কাটবে বলে আশা করা হচ্ছে।
