সরকারি চাকরিতে চরম অনীহা! অর্ধেকের বেশি পরীক্ষার্থী গরহাজির, কারণটা কী?

সরকারি চাকরিতে চরম অনীহা! অর্ধেকের বেশি পরীক্ষার্থী গরহাজির, কারণটা কী?

এবেলা ডেস্কঃ

 

পিএসসির পরীক্ষায় ৫০ শতাংশ অনুপস্থিতি, সরকারি চাকরিতে অনাগ্রহ কি বাড়ছে?

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাম্প্রতিক দুটি নিয়োগ পরীক্ষায় গড়ে ৫০ শতাংশ পরীক্ষার্থীর অনুপস্থিতি রাজ্যের সরকারি চাকরিক্ষেত্রে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আবেদন করেও বিপুল সংখ্যক প্রার্থীর পরীক্ষায় না বসার এই প্রবণতাকে ঘিরে প্রশাসনিক ও শিক্ষামহলে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।

গত ২৭ সেপ্টেম্বর বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৪৩ শতাংশ। এরপর ৪ অক্টোবর অনুষ্ঠিত মিসলেনিয়াস সার্ভিসেসের প্রিলিমিনারি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৫৮ শতাংশ। অর্থাৎ, দুটি পরীক্ষায় গড়ে অর্ধেকের বেশি আবেদনকারী অংশগ্রহণ করেননি।

অভিজ্ঞ আমলাদের একাংশের মতে, সাধারণত সরকারি চাকরির পরীক্ষায় ৩০ থেকে ৩৫ শতাংশ, ক্ষেত্রবিশেষে ৪০ শতাংশ পর্যন্ত অনুপস্থিতি দেখা যায়। এক দশক আগেও রাজ্যে এই হার ৩০-৩৫ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেই তুলনায় বর্তমানের ৫০ শতাংশ হার উদ্বেগজনক। তারা মনে করেন, নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা এবং অনিশ্চয়তাই প্রার্থীদের এই অনীহার প্রধান কারণ।

এই পরিস্থিতি নিয়ে সমাজতত্ত্বের সহকারী অধ্যাপক দেবদ্যুতি কর্মকার বলেন, “সরকারি চাকরির নিরাপত্তা ও স্থায়িত্বের আকর্ষণ থাকলেও বর্তমানে তরুণদের সামনে বিকল্প সুযোগ অনেক বেড়েছে। অনেকে স্বনির্ভরতার দিকে ঝুঁকছেন। এছাড়া সাম্প্রতিক সময়ে নিয়োগ দুর্নীতি ও চাকরি হারানোর ঘটনা সরকারি চাকরিতে আস্থার জায়গাটিতে কিছুটা প্রভাব ফেলেছে।” তবে তিনি এও মনে করেন, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে পরিস্থিতির উন্নতি হবে এবং অনুপস্থিতির হার কমবে।

উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর বর্তমান সরকার ২০২৭ সালের মে মাসের মধ্যে স্বচ্ছভাবে এক লক্ষ নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এই লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যে ইতিমধ্যে পরীক্ষা প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে, পরীক্ষার্থীদের সুবিধার্থে কমিশন পরীক্ষাকেন্দ্র কাছাকাছি রাখার মতো প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করছে। ওয়াকিবহাল মহলের মতে, নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করাই হবে এই অনীহা কাটিয়ে ওঠার মূল চাবিকাঠি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *