হাতে থাকা অবস্থাতেই দাউদাউ করে জ্বলে উঠল ফোন! অল্পের জন্য বাঁচলেন ব্যবহারকারী – এবেলা

এবেলা ডেস্কঃ
স্মার্টফোন বিস্ফোরণের তালিকায় যুক্ত হলো আরও একটি মারাত্মক ঘটনা। গত ১১ মে এক ব্যবহারকারীর হাতে থাকা অবস্থাতেই একটি স্মার্টফোনে আকস্মিক বিস্ফোরণ ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘রেডিট’-এ পুড়ে যাওয়া ফোনটির ছবি শেয়ার করে ভুক্তভোগী গ্রাহক জানান, অত্যন্ত সাধারণ উপায়ে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই ফোনটি থেকে ধোয়া বের হতে শুরু করে। কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা ছাড়াই ঘটে যাওয়া এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে।
সতর্কবার্তা ছাড়াই আগুন এবং ভয়াবহ ক্ষয়ক্ষতি
সাধারণত অতিরিক্ত চার্জিং বা গেম খেলার কারণে ফোন গরম হওয়ার নজির থাকলেও, এই ক্ষেত্রে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। ভুক্তভোগীর দাবি, দুর্ঘটনার সময় ফোনটি চার্জে বসানো ছিল না এবং স্ক্রিনে অতিরিক্ত গরম হওয়ার (ওভারহিটিং) কোনো নোটিফিকেশনও আসেনি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ডিভাইসটি প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে এবং আগুন ধরে যায়। তীব্র তাপে ফোনটি মাঝখান থেকে দুই ভাগে ভেঙে যাওয়ায় বিস্ফোরণের প্রভাব কিছুটা কমে যায়, যার ফলে একটি বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান ওই ব্যবহারকারী। বর্তমানে তিনি সামান্য আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ফায়ার ডিপার্টমেন্টের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ফোনের লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। সংশ্লিষ্ট স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান (স্যামসাং) ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে।
স্মার্টফোন সুরক্ষিত রাখতে জরুরি কিছু সতর্কতা
মোবাইল বিস্ফোরণের মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বিশেষজ্ঞদের পক্ষ থেকে কিছু জরুরি নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে—
- সর্বদা ডিভাইসের সাথে আসা আসল (অরিজিনাল) চার্জার এবং উন্নত মানের ক্যাবল ব্যবহার করুন।
- চার্জ করার সময় ফোনটিকে কখনো বালিশ, কম্বল বা কোনো বদ্ধ জায়গায় রাখবেন না, এতে তাপ বের হতে পারে না।
- তীব্র গরমে বা রোদের মধ্যে গাড়ির ড্যাশবোর্ডের মতো জায়গায় ফোন রাখা থেকে বিরত থাকুন।
- ফোনের ব্যাটারি সামান্য ফুলে উঠলে বা ক্ষতিগ্রস্ত হলে দ্রুত তা পরিবর্তন করুন।
- চার্জে থাকা অবস্থায় ভারী গেম খেলা বা প্রসেসরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা যাবে না।
- ব্যবহারের সময় ফোন অতিরিক্ত গরম হয়ে উঠলে তৎক্ষণাৎ সেটির ব্যবহার বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দিন।
