হামের থাবায় বাংলাদেশে ৬২৮ শিশুর মৃত্যু! কাঠগড়ায় ইউনুস সরকারের টিকানীতি – এবেলা

এবেলা ডেস্কঃ
বাংলাদেশে হামের সংক্রমণে মারাত্মক আকার ধারণ করেছে শিশুদের মৃত্যুমিছিল। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে, যার ফলে দেশে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬২৮-এ। এর মধ্যে একজন শিশুর মৃত্যু হামের কারণেই হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা, বাকি সাতজন মারা গেছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯২ জন। ক্রমাগত এই মৃত্যু ও সংক্রমণের পরিসংখ্যানে দেশজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড়
শেষ চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৪ জন শিশু। এর মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা রাজধানীর। শুধু ঢাকাতেই ভর্তি হয়েছে ৩৪৬ জন শিশু এবং মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও রংপুরে একজন করে শিশু মারা গেছে। ঢাকা ছাড়াও অন্যান্য জেলাগুলোতে সংক্রমণের হার উদ্বেগজনক, চট্টগ্রামের হাসপাতালগুলোতে ২২১ এবং বরিশালে ১৩৪টি শিশু নতুন করে ভর্তি হয়েছে। তবে এই বিপর্যয়ের মধ্যেও কিছুটা স্বস্তির খবর হলো, গত চব্বিশ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ১৯৪ জন শিশু।
ভুল নীতির মাশুল ও আইনি পদক্ষেপ
এই ভয়াবহ পরিস্থিতির মূল কারণ হিসেবে উঠে আসছে টিকাদান কর্মসূচিতে চরম অব্যবস্থা। অভিযোগ উঠেছে, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর আর্থিক সুবিধার জন্য ইউনিসেফ থেকে টিকা কেনা বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। ব্যক্তিখাত থেকে টিকা সংগ্রহের এই সিদ্ধান্তের ফলেই গোটা দেশে টিকার তীব্র সংকট দেখা দেয়। হামের টিকাদান কর্মসূচি বাতিলের এই ঘটনাকে ‘ফৌজদারি অবহেলা’ আখ্যা দিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে একটি আবেদন দায়ের করা হয়েছে। আবেদনে মহম্মদ ইউনুস এবং তাঁর উপদেষ্টা পরিষদের সদস্যদের ভূমিকার তদন্তের পাশাপাশি, প্রাক্তন সব উপদেষ্টা-সহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আরজি জানানো হয়েছে। প্রশাসনিক এই অবহেলার কারণে দেশের স্বাস্থ্যব্যবস্থায় যে গভীর সংকট তৈরি হয়েছে, তা আগামী দিনে শিশুস্বাস্থ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
