হাসিনার প্রত্যাবর্তনের জল্পনায় উত্তপ্ত বাংলাদেশ! গ্রেফতার প্রাক্তন ছাত্রলীগ নেত্রী তানিয়া-সহ পাঁচশোর বেশি কর্মী

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় নামায় সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে ব্যাপক ধরপাকড় শুরু করেছে প্রশাসন। এখনও পর্যন্ত পাঁচশোরও বেশি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে রবিবার গাজীপুরের টঙ্গি এলাকা থেকে প্রাক্তন ছাত্রলীগ নেত্রী তানিয়া আখতার তাপসীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম এই নেত্রী এবং কেন্দ্রীয় কমিটির প্রাক্তন প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদককে ২০২৩ সালের অগস্টে ঢাকার একটি পুরনো মামলায় আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে, দেশের প্রায় ২৮টি জেলায় হিংসা, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। নারায়ণগঞ্জ থেকে পাবনা সর্বত্রই অশান্তি অব্যাহত থাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন এলাকায় আধাসেনা মোতায়েন করে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।
