২৪ ঘণ্টার মধ্যে মুক্তির আলটিমেটাম! যন্তর মন্তরে গণগ্রেপ্তারের পরেই কি এবার অনশনে সোনম ওয়াংচুক? – এবেলা

এবেলা ডেস্কঃ
দিল্লির যন্তর মন্তরে বিরোধী আন্দোলনকে ঘিরে উত্তেজনা চরম সীমায় পৌঁছেছে। জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আয়োজিত এই বিক্ষোভে দিল্লি পুলিশ ব্যাপক ধরপাকড় চালায়। পরিস্থিতি সামলাতে গিয়ে সিজেপি, বাম ছাত্র সংগঠন ও বিরোধী নেতৃত্বের বেশ কয়েকজন শীর্ষ নেতা, আইনজীবী, সাংবাদিক এমনকি সাংসদদেরও আটক বা গ্রেপ্তার করা হয়। ফলে পুরো এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে এবং আন্দোলনের তীব্রতা বহুগুণ বেড়ে যায়। পুলিশের এই পদক্ষেপের পর রাজধানীর রাজনৈতিক পরিস্থিতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এই ঘটনার কঠোর প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন বিশিষ্ট পরিবেশ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। একটি বিশেষ ভিডিও বার্তায় দেশের বর্তমান পরিস্থিতিকে ‘অঘোষিত জরুরি অবস্থা’ বলে অভিহিত করেছেন তিনি। দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ রবিবারের মধ্যে গ্রেপ্তার হওয়া সমস্ত আন্দোলনকারীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। তা না হলে তিনি অনশন, ধর্না বা মিছিলের মতো শান্তিপূর্ণ প্রতিবাদ গড়ে তুলবেন। তবে তিনি আশা প্রকাশ করেছেন, সরকার আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান খুঁজে নেবে।
