মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মুম্বইয়ে বিক্ষোভ, আটক তুষার গান্ধী ও অভিনেতা ইমরান খানসহ ৪০০ – এবেলা

এবেলা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল মুম্বই। শনিবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে আয়োজিত বিক্ষোভে যোগ দেওয়ায় মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী এবং অভিনেতা ইমরান খানসহ প্রায় চারশ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। দক্ষিণ মুম্বইয়ের অগাস্ট ক্রান্তি ময়দান ও হুতাত্মা চকের মতো গুরুত্বপূর্ণ এলাকা থেকে এই বিক্ষোভকারীদের আটক করা হয়। বম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওই চত্বর নির্ধারিত প্রতিবাদস্থল না হওয়ায় এবং জমায়েতের আগাম অনুমতি না থাকায় পুলিশ কড়া পদক্ষেপ নেয়।
আটক ব্যক্তিদের মধ্যে তুষার গান্ধীর সংগঠন ‘হম ভারত কে লোগ’-এর সদস্য ছাড়াও সিপিআইএম এবং বঞ্চিত বহুজন আঘাড়ির কর্মীরাও ছিলেন। ডিএন নগর থানায় তুষার গান্ধীকে আটকে রাখার খবর ছড়িয়ে পড়লে সেখানে জনতা ভিড় জমায় এবং শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে থানায় যান। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ অত্যন্ত নির্মমভাবে এই আন্দোলন দমন করেছে। অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে দাদরের শিবাজি পার্কসহ শহরের বিভিন্ন প্রান্তে অতিরিক্ত পুলিশ বাহিনী ও মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে।
