৬ নম্বর ফর্মে বদল কার নির্দেশে? জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের, তবে খারিজ সাসপেনশনের আর্জি – এবেলা

এবেলা ডেস্কঃ
এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন) মামলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য দুই কমিশনারের কাছে আনুষ্ঠানিক জবাব তলব করল সুপ্রিম কোর্ট। ফর্ম ৬-এ পরিবর্তন এবং কমিশনের নীতিগত সিদ্ধান্তগুলি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নেওয়া হয়েছিল কি না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে শীর্ষ আদালত। তবে সংবাদমাধ্যমের প্রতিবেদনের ওপর ভিত্তি করে মুখ্য নির্বাচন কমিশনারকে সাসপেন্ড করার আর্জি স্পষ্টভাবে খারিজ করে দিয়েছে বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, সহকর্মীদের আপত্তি উপেক্ষা করেই একতরফাভাবে এসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত ও ফর্ম ৬-এ বদল আনা হয়েছে। ওই প্রতিবেদনের প্রেক্ষাপটে দায়ের হওয়া মামলার শুনানিতে আদালত জানিয়েছে, সংবাদপত্রের তথ্যের সত্যতা যাচাইয়ের জন্যই কমিশনের জবাব প্রয়োজন। তবে যথাযথ প্রমাণ ছাড়া শুধুমাত্র প্রতিবেদনের ভিত্তিতে সরাসরি বড় কোনো পদক্ষেপ বা সাসপেন্ড করার যুক্তি নেই। পরবর্তী শুনানিতে কমিশনের ব্যাখ্যার ওপরই মামলার ভবিষ্যৎ নির্ভর করছে।
