ইস্টবেঙ্গল ম্যাচে রাহুলকে বিশেষ শ্রদ্ধা, গ্যালারিতে অমর অরুণোদয়!

ইস্টবেঙ্গলের প্রতি চিরনিবেদিত প্রাণ অভিনেতা রাহুলকে যুবভারতীতে বিশেষ শ্রদ্ধা
তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে গিয়ে অকালে প্রয়াত হয়েছেন ৪৩ বছর বয়সী অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর কয়েক মুহূর্ত আগেও নিজের পডকাস্ট ‘সহজ কথা’-য় প্রিয় ক্লাব ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ ও উন্নতির সম্ভাবনা নিয়ে সরব ছিলেন আজীবন লাল-হলুদ শিবিরের এই একনিষ্ঠ সমর্থক। প্রিয় ক্লাবের প্রতি তাঁর এই অকৃত্রিম ভালোবাসাকে সম্মান জানিয়ে বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ইস্টবেঙ্গলের ম্যাচে এক আবেগময় পরিস্থিতির সৃষ্টি হয়।
অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে যুবভারতীর গ্যালারিতে ইস্টবেঙ্গল সমর্থকরা একটি বিশেষ টিফো প্রদর্শন করেন। টিফোতে ফুটে ওঠে ‘গ্যালারির আকাশে এক বিষণ্ণ সূর্যোদয়, লাল-হলুদ হৃদয়ে অমর অরুণোদয়’ শীর্ষক বার্তা। এর আগে অভিনেতার শেষযাত্রাতেও তাঁর নিথর দেহের পাশে রাখা হয়েছিল ক্লাবের পতাকা। মাঠে নিয়মিত উপস্থিত থাকা এবং দলের ট্রফিখরা কাটানোর স্বপ্ন দেখা মানুষটিকে ফুটবলপ্রেমীরা এদিন মাঠে বসেই শেষবার স্মরণ করলেন। ক্লাবের পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
