দিল্লিতে তুলকালাম, নারী সংরক্ষণ বিল ঘিরে বিজেপির নজিরবিহীন বিক্ষোভ!

লোকসভায় ১৩১তম সংবিধান সংশোধনী বিল বা নারী সংরক্ষণ বিল পাসের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর রাজধানী দিল্লিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিলটি পাসের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ বা ৩৫২টি ভোটের বিপরীতে ২৯৮টি ভোট পড়ায় এবং ২৩০ জন সাংসদ বিপক্ষে ভোট দেওয়ায় তা বাতিল হয়ে যায়। এই ব্যর্থতার প্রতিবাদে এবং বিরোধী দলগুলোর বিরুদ্ধে নারীবিদ্বেষী মনোভাবের অভিযোগ তুলে শনিবার বিজেপির সংসদ সদস্যরা রাহুল গান্ধীর বাসভবন অভিমুখে বিক্ষোভ মিছিল করেন। এ সময় বাঁশুরী স্বরাজ, রক্ষা খড়সে এবং কমলজিৎ সেহরাওয়াতসহ তিন বিজেপি সাংসদকে আটক করেছে দিল্লি পুলিশ।
বিক্ষোভকারীরা মতিলাল নেহরু মার্গে রাহুল গান্ধীর বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের গতিরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামানের ব্যবহার করে। সাংসদ হেমা মালিনী এবং মনোজ তিওয়ারিও এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, বিক্ষোভ চলাকালীন রাহুল গান্ধী তামিলনাড়ুতে নির্বাচনী জনসভায় অংশ নিতে রাজ্যের বাইরে ছিলেন। বিজেপির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারীদের অধিকার নিশ্চিত করতে সচেষ্ট থাকলেও বিরোধীদের অসহযোগিতার কারণে এই ঐতিহাসিক বিলটি পাস করা সম্ভব হয়নি।
