পশ্চিমবঙ্গে সরকার গড়লে চালু হবে জিরামজি আইন! মেদিনীপুরে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

মেদিনীপুরের জনসভা থেকে পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বড়সড় প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ঘোষণা করেছেন যে, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ‘জিরামজি আইন’ কার্যকর করা হবে। এই আইনের অধীনে রাজ্যের গ্রামীণ এলাকায় প্রতি বছর ১২৫ দিনের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, এটি কেবল একটি প্রতিশ্রুতি নয়, বরং তাঁর দেওয়া গ্যারান্টি, যা ক্ষমতায় এলে অবশ্যই বাস্তবায়ন করা হবে।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে অভিযোগ করেন যে, বর্তমান সরকারের অধীনে বাংলার গ্রামবাসী বঞ্চনার শিকার হচ্ছেন এবং প্রস্তাবিত এই নতুন আইন গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আনবে। একইসঙ্গে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন মোদী। তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে, রাজ্যে এমন কিছু জেলা থাকবে যেখানে তৃণমূল কংগ্রেস একটিও আসন পাবে না এবং পুরো জেলাই বিজেপি দখল করবে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার নিরিখে রাজ্যে পালাবদল সময়ের অপেক্ষা বলেও তিনি মন্তব্য করেছেন।
