সন্দেশখালিতে তোলপাড়! এবার পুকুর ছেঁচে বেরোলো শাহজাহানের ‘অস্ত্রভাণ্ডার’, উদ্ধার বন্দুক-কার্তুজ – এবেলা

এবেলা ডেস্কঃ
সন্দেশখালি: একদা সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান বর্তমানে জেলবন্দি। কিন্তু রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তার একের পর এক গোপন ডেরা থেকে উদ্ধার হচ্ছে মারাত্মক সব অস্ত্রশস্ত্র। বৃহস্পতিবার সন্দেশখালির ন্যাজাট থানার খড়িহাট শিরিষতলার একটি পুকুর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করল রাজ্য পুলিশ এবং স্পেশাল টাস্ক ফোর্স (STF)।
কয়েকদিন আগেই সন্দেশখালির মণিপুর, সরবেড়িয়া ও আকুঞ্জিপাড়া থেকে প্রচুর বন্দুক ও কার্তুজ উদ্ধার হয়েছিল। ধৃতদের জেরা করেই এই নতুন অস্ত্রভাণ্ডারের হদিশ পায় এসটিএফ। বৃহস্পতিবার সকালে খড়িহাট শিরিষতলার একটি পুকুর ঘিরে ফেলে তল্লাশি চালায় বাহিনী। স্থানীয়দের সাহায্য নিয়ে পুকুরের জল ও কাদা ছেঁচে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১৬টি বন্দুক ও প্রচুর কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এই অস্ত্রগুলি কলকাতার ভবানী ভবনে নিয়ে গেছেন তদন্তকারীরা।
রাজ্যে সরকার বদলের পরেই পুলিশ ও এসটিএফের এই লাগাতার অভিযানে এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনা প্রসঙ্গে সন্দেশখালির বিজেপি বিধায়ক সনৎ সর্দার বলেন, “সন্দেশখালির মানুষ গোলাবারুদের স্তূপের উপরে বাস করছে। রাজ্যে পরিবর্তন না এলে এই সত্যিটা কোনোদিন সামনে আসত না।” স্থানীয় বাসিন্দাদের অনুমান, শাহজাহান বাহিনীর আরও প্রচুর অস্ত্র এখনও বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা আছে।
