দিল্লিতে পুলিশের মাদক বিরোধী অভিযান! তিন তলা থেকে মরণঝাঁপ আফ্রিকান মহিলার – এবেলা

এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: রাজধানীতে মাদক বিরোধী অভিযান চলাকালীন চার তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হলো এক আফ্রিকান মহিলার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লির স্বরূপনগর এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ফ্ল্যাটে রমরমিয়ে চলছিল মাদক তৈরি এবং তা মজুত করার কারবার।
পুলিশ সূত্রে জানা গেছে, বুরারি থানায় নথিভুক্ত একটি মাদক (NDPS) মামলার তদন্তে নেমে অ্যান্টি নারকোটিক্স স্কোয়াড (Anti-Narcotics Squad) স্বরূপনগরের ওই আবাসনে হানা দেয়। পুলিশ ফ্ল্যাটে ঢোকার পরেই আতঙ্কিত হয়ে ব্যালকনি থেকে নিচে ঝাঁপ দেন স্টেলা পিউস নামের ওই আফ্রিকান মহিলা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বুরারি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ফ্ল্যাটে মিলল মাদকের মিনি কারখানা: তল্লাশি অভিযানে নেমে পুলিশ ওই আবাসন থেকে রোমিও ওরফে স্কাই নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে ৩০ গ্রাম এমডিএমএ (MDMA) এবং দেড় গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। এছাড়াও, মার্টিন অ্যারন নামে অন্য এক আফ্রিকান নাগরিককে আটক করেছে পুলিশ। মার্টিনের কাছ থেকে পাওয়া চাবি দিয়ে মৃত স্টেলার ঘরের তালা খুলতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের।
পুলিশ জানিয়েছে, ওই ঘর থেকে বিপুল পরিমাণ রাসায়নিক ও কাঁচামাল উদ্ধার হয়েছে, যা মূলত মারাত্মক মাদক ‘মেথামফেটামিন’ (methamphetamine) ও অন্যান্য কৃত্রিম মাদক তৈরিতে ব্যবহৃত হতো। পুরো ঘরটিকেই মাদক তৈরির মিনি কারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে সন্দেহ পুলিশের। এই আন্তর্জাতিক মাদক চক্রের শিকড় কতদূর ছড়ানো, তা জানতে জোর কদমে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ।
