ওমান উপসাগরে একের পর এক বাণিজ্যতরীতে মার্কিন হামলা, উত্তেজনার মাঝেই নতুন গুঞ্জন ওড়াল দিল্লি – এবেলা

এবেলা ডেস্কঃ
ওমান উপসাগরে ভারতীয় নাবিক বোঝাই একের পর এক বাণিজ্যতরীর ওপর মার্কিন সেনার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে মোট তিনটি জাহাজে হামলার জেরে ৩ জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এই সংঘাতের আবহে লিয়াকি ফ্রিডম নামে আরও একটি ভারতীয় নাবিকবাহী জাহাজে নতুন করে হামলার গুঞ্জন ছড়ালেও, ভারত সরকার দ্রুত হস্তক্ষেপ করে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
মার্কিন হামলার কারণ ও একের পর এক আঘাত
মার্কিন সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ওমান উপসাগরীয় জলপথে আমেরিকা একটি বিশেষ অবরোধ জারি করে রেখেছে। এই নির্দেশ অমান্য করে এবং মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে বাণিজ্যতরীগুলি ইরানের বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল। মূলত এই কারণেই জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে ওয়াশিংটন দাবি করেছে।
এই সংঘাতের সূত্রপাত ঘটে গত সোমবার, যখন মাদাগাস্কারের পতাকাবাহী ‘এমটি মারিভেক্স’ জাহাজে প্রথম হামলা চালায় মার্কিন বাহিনী। ওই জাহাজে ২৪ জন ভারতীয় নাবিক থাকলেও সৌভাগ্যবশত তাঁদের কোনও ক্ষতি হয়নি। তবে সবচেয়ে বড় বিপর্যয়টি ঘটে গত বুধবার। পালাউয়ের পতাকাবাহী ‘এমটি সেট্টেবেল্লো’ নামক একটি বাণিজ্যতরীতে একের পর এক মার্কিন ক্ষেপণাস্ত্র আছড়ে পড়লে পুরো জাহাজে আগুন ধরে যায়। জাহাজটিতে থাকা ২৮ জন কর্মীর মধ্যে ২৪ জনই ছিলেন ভারতীয়। এই হামলায় ২১ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা সম্ভব হলেও ৩ জনের নির্মম মৃত্যু হয়েছে। এরপর বৃহস্পতিবারও ওমানের শিনাস বন্দরের কাছে ‘এমটি জলবীর’ নামের আরও একটি জাহাজ মার্কিন হামলার মুখে পড়ে, তবে সেখানকার ২০ জন ভারতীয় নাবিক সুরক্ষিত রয়েছেন।
কূটনৈতিক তৎপরতা ও দিল্লির প্রতিক্রিয়া
তিন ভারতীয় নাবিকের মৃত্যুর পর ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চরম আকার ধারণ করেছে। ভারতের বিদেশমন্ত্রক এই ঘটনাকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ ও ‘আসামর্থনযোগ্য’ বলে তীব্র নিন্দা জানিয়েছে। ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রী ও মার্কিন বিদেশসচিবের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে এবং দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে কড়া বার্তা দেওয়া হয়েছে।
এদিকে, ‘লিয়াকি ফ্রিডম’ নামের চতুর্থ একটি জাহাজে পুনরায় মার্কিন হামলার খবর ছড়িয়ে পড়লে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সরকার সরাসরি ওই জাহাজের প্রধান আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেছে এবং নিশ্চিত হওয়া গেছে যে সেখানে কোনও হামলার ঘটনা ঘটেনি। সমস্ত ভারতীয় নাবিক সম্পূর্ণ সুরক্ষিত আছেন। তবে সামগ্রিকভাবে এই ঘটনার ফলে আন্তর্জাতিক বাণিজ্য সামুদ্রিক রুটে ভারতীয় কর্মীদের নিরাপত্তা বড়সড় ঝুঁকির মুখে পড়েছে এবং এর প্রভাবে আন্তর্জাতিক স্তরে ভূ-রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে।
