ভুয়া চিকিৎসকের খেলা শেষ? বেসরকারি হাসপাতালে নিয়োগে কড়া নবান্ন, হাই কোর্টের নির্দেশে নড়েচড়ে বসল স্বাস্থ্যভবন! – এবেলা

ভুয়া চিকিৎসকের খেলা শেষ? বেসরকারি হাসপাতালে নিয়োগে কড়া নবান্ন, হাই কোর্টের নির্দেশে নড়েচড়ে বসল স্বাস্থ্যভবন! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে ভুয়া চিকিৎসকদের বাড়বাড়ন্ত রুখতে কঠোর পদক্ষেপ করল রাজ্য সরকার। কলকাতা হাই কোর্টের নির্দেশের পর স্বাস্থ্যভবন থেকে চার দফার নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নাম এবং রেজিস্ট্রেশন যাচাই না করে নতুন কোনো চিকিৎসককে নিয়োগ করা যাবে না। পাশাপাশি, ২০১৭ সালের ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রুলসের ৭(৪) নম্বর বিধি মেনে সকল নথি পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। বৈধ রেজিস্ট্রেশন ছাড়া চিকিৎসা করা আটকাবে লাইসেন্সিং কর্তৃপক্ষ। সন্দেহ হলে দ্রুত মেডিক্যাল কাউন্সিলের থেকে যোগ্যতা যাচাই করতে হবে এবং ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ২ অক্টোবরের মধ্যে হাসপাতালগুলোর কাছে রিপোর্ট চেয়েছে স্বাস্থ্যভবন।

স্বাস্থ্য পরিষেবা অধিকর্তা স্বপন সরেনের স্বাক্ষরিত এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছে বেসরকারি হাসপাতালগুলোর সংগঠন ‘অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম’। তবে মেডিক্যাল কাউন্সিলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনের সম্পাদক রাজীব পাণ্ডে। অন্যদিকে পশ্চিমবঙ্গ ডক্টর্স ফোরামের সভাপতি কৌশিক চাকীও সরকারের থেকে আরও বলিষ্ঠ পদক্ষেপের দাবি জানিয়েছেন। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চিকিৎসক অভীক দে-র ট্রেনি রিজার্ভ বাতিল সংক্রান্ত নির্দেশিকায় তাঁর নাম প্রকাশ না করায় স্বাস্থ্য দফতরের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ভুয়া চিকিৎসকদের তৈরি করার পেছনে দায়ীদের চিহ্নিত করার দাবি উঠেছে সব মহল থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *