‘নিজের সুবিধামতো কথা বেছে নেবেন না!’ ফর্ম ৬ বিতর্ক নিয়ে কড়া বার্তা শীর্ষ আদালতের – এবেলা

‘নিজের সুবিধামতো কথা বেছে নেবেন না!’ ফর্ম ৬ বিতর্ক নিয়ে কড়া বার্তা শীর্ষ আদালতের – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটার তালিকায় নাম তোলার জন্য নির্বাচন কমিশনের সংশোধিত ‘ফর্ম ৬’ (Form 6) নিয়ে নিজেদের অবস্থান আরও একবার স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে যে, কমিশনের এই সংশোধিত ফর্মটিকে শীর্ষ আদালত যেমন অনুমোদন দেয়নি, তেমনই তা সরাসরি প্রত্যাখ্যানও করেনি।

কী নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক? নতুন ভোটার হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করতে নাগরিকদের এই ‘ফর্ম ৬’ পূরণ করতে হয়। বিভিন্ন রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ (SIR)-এর কাজ চলার সময় নির্বাচন কমিশন এই ফর্মের নিয়মে কিছু পরিবর্তন আনে। এর আগে গত ৫ অক্টোবর একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ দিয়েছিল যে, তারা সংশোধিত ফর্ম ৬-এ কোনো অনুমোদন দেয়নি। এরপরই রাজনৈতিক মহলে এবং মামলাকারীদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে— তবে কি এই সংশোধিত নিয়মটি সম্পূর্ণ অবৈধ?

এ দিন প্রিয়া মিশ্র ও অন্যান্যদের একটি জনস্বার্থ মামলার শুনানিতে আবেদনকারীর আইনজীবীরা এই প্রসঙ্গ তুললে প্রধান বিচারপতির বেঞ্চ কড়া বার্তা দেয়। আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, বিহারের এসআইআর সংক্রান্ত বিষয়টির যখন শুনানি হয়েছিল, তখন এই সংশোধিত ফর্ম ৬-এর অস্তিত্বই ছিল না।

সুপ্রিম কোর্টের কড়া বার্তা আদালতের গত ৫ অক্টোবরের মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে নির্বাচন কমিশন বা অন্য কেউ যেন কোনো রকম ভুল প্রচার না চালায়, সে বিষয়েও এ দিন সতর্ক করে দিয়েছে শীর্ষ আদালত।

বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে—

“তখন কেবল এটুকু বলা হয়েছিল যে, বিষয়টি যখন আদালতের সামনে ছিল, তখন নতুন ফর্ম ৬-এর অস্তিত্ব ছিল না। এর অর্থ এই নয় যে, সুপ্রিম কোর্ট এটিকে অনুমোদন বা প্রত্যাখ্যান করেছে। দয়া করে নিজের সুবিধামতো কথা বেছে নেবেন না।”

নির্বাচন কমিশন ও বিরোধীদের এই টানাপোড়েনের মাঝে আদালতের এই স্পষ্টীকরণের পর গোটা রাজনৈতিক ও আইনি মহলে জল্পনা আরও বহুগুণ বেড়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *