পুজো উদ্বোধনের আগেই ছাই হলো ৩০ লক্ষ টাকার স্বপ্ন!

পুজো উদ্বোধনের আগেই ছাই হলো ৩০ লক্ষ টাকার স্বপ্ন!

এবেলা ডেস্কঃ

 

শর্ট সার্কিট থেকে ভস্মীভূত যশোড়াকালি বাজারের পুজোর মণ্ডপ, ক্ষতির পরিমাণ ৩০ লক্ষ টাকা

নিজস্ব প্রতিবেদক: ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল পাঁশকুড়ার যশোড়াকালি বাজারের ঐতিহ্যবাহী পুজোর মণ্ডপ। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে মণ্ডপে থাকা কর্মীরা দ্রুত বেরিয়ে আসায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

জানা গিয়েছে, ৫৯তম বর্ষে পদার্পণ করা এই পুজোর মণ্ডপটি ছিল অত্যন্ত সুদৃশ্য। মণ্ডপ সজ্জায় তালপাতা, পুরুলির জালি, নিম কাঠ এবং কাঠের গুঁড়োর মতো দাহ্য সামগ্রীর ব্যবহার করা হয়েছিল। সেই কারণেই আগুন লাগার সঙ্গে সঙ্গেই তা মারাত্মক আকার ধারণ করে এবং চোখের পলকে পুরো মণ্ডপটি লেলিহান শিখায় গ্রাস করে নেয়।

ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই পাঁশকুড়া থানার আইসি, ট্র্যাফিক ওসি ও কোলাঘাটের ট্র্যাফিক ইন্সপেক্টরসহ দমকলের পদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছান।

এত বড় বিপর্যয়ের পরেও অদম্য মানসিকতার পরিচয় দিয়েছে পুজো কমিটি। কমিটির সদস্য গোপাল মাইতি আক্ষেপ করে জানান, “মাত্র ১০ মিনিটের মধ্যে চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে।” তবে পুজো বন্ধ রাখা হবে না বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ছোট আকারে হলেও নিয়মরীতি মেনে মা কালীর আরাধনা সম্পন্ন করার লক্ষ্যে কমিটির সদস্যরা জরুরি বৈঠকে বসেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *