নৈহাটির ‘বড়মা’র রাজকীয় রূপ, ১১০ কেজি সোনা-রুপোর গয়নায় মোহময়ী দেবী!

এবেলা ডেস্কঃ
সোনার গয়না ও হীরের টিপে সেজে উঠলেন নৈহাটির ‘বড়মা’, ভিড় উপচে পড়ছে মন্দির চত্বরে
নৈহাটি: কালীপুজোর দিন বিপুল অলঙ্কারে সজ্জিত হয়ে ভক্তদের দর্শন দিচ্ছেন নৈহাটির ঐতিহ্যবাহী ‘বড়মা’। ১০৩ বছরের প্রাচীন এই পুজোয় এ বছর প্রায় ১ কুইন্টাল ১০ কেজি সোনা ও রুপোর গয়নায় সাজিয়ে তোলা হয়েছে প্রতিমাকে। গত কয়েক বছরে ভক্তদের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাওয়ায় নৈহাটির অরবিন্দ রোডের এই মন্দির চত্বর এখন দর্শনার্থীদের মূল আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে।
এবারের পুজোর বিশেষ আকর্ষণ ‘বড়মা’র কপালে শোভিত হীরের টিপ। এছাড়া প্রতিমার গায়ে রয়েছে সোনার গয়না ও রুপোর চাঁদমালা। প্রতি বছর ভক্তদের দানের পরিমাণ বাড়ার ফলে দেবীর অলঙ্কারের বহরও বাড়ছে বলে জানিয়েছেন ‘নৈহাটি বড়মা পুজোকমিটি’র মুখপাত্র অনন্ত চট্টোপাধ্যায়। তবে সোনা ও রুপোর সুনির্দিষ্ট পরিমাণ আলাদা করে প্রকাশ করেনি কমিটি। পাশাপাশি, ‘বড়মা’র সোনার চোখ নিয়ে রয়েছে বিশেষ ধর্মীয় নিয়ম—প্রতিমার বিসর্জনের সময় চোখ খোলা হয় না, বরং তা প্রতিমার সঙ্গেই বিসর্জন দেওয়া হয়। এ বছরও সেই প্রথা বজায় রাখা হবে বলে জানিয়েছেন তিনি।
বিপুল পরিমাণ অলঙ্কারের নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির চত্বরে শতাধিক সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশ প্রশাসনের সহযোগিতায় মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী ও স্বেচ্ছাসেবক। ভিড় সামলাতে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা।
কালীপুজোর সকাল থেকেই হাজার হাজার ভক্ত অরবিন্দ রোডে ভিড় জমিয়েছেন। অনেক ভক্তকে মন্দির চত্বরে দণ্ডি কাটতে দেখা গেছে। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত নিয়মবিধি মেনেই পুজোর আয়োজন সম্পন্ন হয়েছে এবং বিসর্জনের দিন হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির পরিকল্পনা রয়েছে।
