ট্রেন লেটের জাঁতাকলে দিশাহারা মোদি সরকার, নতুন লাইনেই কি মিলবে মুক্তি?

এবেলা ডেস্কঃ
নতুন রেললাইন সম্প্রসারণেই সমস্যার সমাধান, দাবি রেলমন্ত্রীর
নয়াদিল্লি: দেশের ট্রেন পরিষেবায় মেল ও এক্সপ্রেস ট্রেনের বিলম্বিত চলাচলের সমস্যা সমাধানে নতুন রেললাইন নির্মাণের ওপরই জোর দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার নয়াদিল্লিতে রেলভবনের ‘ওয়ার রুম’ পরিদর্শনের পর তিনি জানান, এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য নিরলসভাবে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চালিয়ে যেতে হবে।
রেলমন্ত্রী জানান, গত ১০ বছরে মোদি সরকারের আমলে সারা দেশে ৩৬ হাজার কিলোমিটার নতুন রেললাইন পাতা হয়েছে। তবে ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে এই কাজের গতি বজায় রাখা জরুরি। তিনি আরও বলেন, বর্তমানে নতুন লাইন নির্মাণ, ডাবলিং (দ্বি-করণ), ট্রিপলিং (ত্রি-করণ) এবং গেজ পরিবর্তনের মতো প্রকল্পগুলিতে দ্রুত অনুমোদন দেওয়া হচ্ছে।
অশ্বিনী বৈষ্ণব জানান, যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট—দিল্লি-চেন্নাই, দিল্লি-গুয়াহাটি এবং মুম্বই-কলকাতা করিডোরকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ চালানো হচ্ছে। মূলত ট্রেনের গতি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতেই এই পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলে মনে করছে মন্ত্রক।
তবে প্রকল্পগুলির কাজ কবে নাগাদ শেষ হবে এবং কবে থেকে দেশজুড়ে দৈনিক অতিরিক্ত এক হাজার ট্রেন চালানো সম্ভব হবে, সে বিষয়ে রেলমন্ত্রী নির্দিষ্ট কোনো সময়সীমার কথা উল্লেখ করেননি। বর্তমানে রেলের লক্ষ্য হলো পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে দীর্ঘদিনের এই বিলম্বের সমস্যা কাটিয়ে ওঠা।
