ভারতে ১০০০-এর বেশি কর্মী ছাঁটাইয়ের পথে চিপ নির্মাতা সংস্থা কোয়ালকম

ভারতে ১০০০-এর বেশি কর্মী ছাঁটাইয়ের পথে চিপ নির্মাতা সংস্থা কোয়ালকম

বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মার্কিন চিপ নির্মাতা সংস্থা কোয়ালকম। বিশ্বব্যাপী মোট ৫২,০০০ কর্মীর মধ্যে ৩,৬০০ জনকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়তে চলেছে ভারতের কার্যালয়গুলোতে। বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই এবং দিল্লি-এনসিআর মিলিয়ে ভারতে কোয়ালকমের প্রায় ২০,০০০ কর্মী কর্মরত রয়েছেন। এর মধ্যে ১,০০০-এরও বেশি কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হচ্ছে।

কোয়ালকমের সিইও ক্রিশ্চিয়ানো আমন জানিয়েছেন, টানা কয়েকটি কোয়ার্টারে প্রত্যাশিত আর্থিক লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মার্টফোন চিপের বাজারে মুনাফা কমে যাওয়ায় সংস্থা এখন ডেটা সেন্টার ও অটোমোটিভ টেকনোলজির মতো নতুন প্রযুক্তিতে বিনিয়োগের দিকে নজর দিচ্ছে। কর্মীদের বার্ষিক কর্মক্ষমতার রিভিউয়ের ভিত্তিতেই এই ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

ছাঁটাই হওয়া কর্মীদের ক্ষতিপূরণ হিসেবে তিন মাসের মূল বেতন দেওয়া হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানে কাজের মেয়াদের ওপর ভিত্তি করে প্রতি বছরের জন্য অতিরিক্ত এক মাসের বেতন এবং ছাঁটাই সংক্রান্ত নথিতে সই করলে আরও এক মাসের বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্রের খবর, আগামী বছরের জানুয়ারি মাসে ছাঁটাইয়ের দ্বিতীয় ধাপ শুরু হতে পারে। তবে এই বিষয়ে কোয়ালকম কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *