পুলিশকে হুমকির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

পুলিশকে হুমকির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা ও অন্যান্য পুলিশ আধিকারিকদের নিয়ে করা মন্তব্যের জেরে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। গত ৩১ অক্টোবর তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারী দাবি করেন, নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে অভিষেক যে মন্তব্য করেছিলেন, তা সরাসরি পুলিশকে হুমকি দেওয়ার শামিল। এই ঘটনার প্রেক্ষিতে গিরিশ পার্ক থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুরসভার বুলডোজার অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তাপ ছড়ায়। প্রশাসনের তরফে সাংসদের বাড়ির সামনের ফুটপাথে থাকা বাঁশের অস্থায়ী কাঠামো, শেড এবং লোহার গেট ভেঙে ফেলা হয়। এমনকি বাড়ির সামনের শহিদ বেদিও ভেঙে দেওয়া হয়। এই ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডলে একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করে অভিযোগ করেন যে, তাঁর ওপর হামলার ছক কষা হচ্ছে। ভিডিওটিতে সাদা হেলমেট পরা দুই ব্যক্তি এবং কলকাতা পুলিশের স্টিকার লাগানো বাইককে তাঁর বাড়ির সামনে ঘোরাঘুরি করতে দেখা যায়। প্রশাসনের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, তাঁকে ভয় দেখিয়ে বা হামলা চালিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে কি না। পুলিশি সমন ও জামিন অযোগ্য মামলার জেরে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *