বাইকের ধাক্কায় প্রয়াত বিজেপি নেতা চিত্তরঞ্জন মণ্ডল

বাইকের ধাক্কায় গুরুতর আহত বিজেপি নেতা চিত্তরঞ্জন মণ্ডলের মৃত্যু হয়েছে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রবিবার রাতে তার মরদেহ অশোকনগরে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাবড়া শ্রীচৈতন্য কলেজে সরকারি কর্মী হিসেবে কর্মরত ছিলেন চিত্তরঞ্জনবাবু। কলেজের পক্ষ থেকেও তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
চিত্তরঞ্জন মণ্ডলের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল বামপন্থী ছাত্র সংগঠনের হাত ধরে। বামেদের টিকিটে তিনি অশোকনগর কল্যাণগড় পুরসভায় তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। ২০২১ সালে তিনি দলবদল করে বিজেপিতে যোগ দেন। মৃত্যুর সময় তিনি বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এলাকায় সমাজসেবামূলক কাজের সঙ্গেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াতে তাকে সর্বদা দেখা যেত।
রবিবার অশোকনগর চৌরঙ্গী মোড় এলাকায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ ভিড় করেন। রাতে হাবড়া মুক্তি ধাম শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার অকাল প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের পরিবেশ তৈরি হয়েছে।
