পুরনিয়োগ দুর্নীতি মামলা: জেলে গিয়ে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল সিবিআই

পুরনিয়োগ দুর্নীতি মামলা: জেলে গিয়ে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল সিবিআই

পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের গতি বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইডির পর এবার জেলবন্দি প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেল সিবিআই। আলিপুর আদালতের কাছে এই মর্মে আবেদন জানিয়েছিল তদন্তকারী সংস্থা। সেই আবেদন মঞ্জুর হওয়ায় এখন সংশোধনাগারে গিয়ে তাঁকে জেরা করার অনুমতি পেয়েছে সিবিআই। বুধবার থেকেই এই প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগে অনিয়মের অভিযোগে গত ১১ মে সুজিত বসুকে গ্রেপ্তার করেছিল ইডি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, দক্ষিণ দমদম পুরসভায় বিভিন্ন পদে প্রায় ১৫০ জনের চাকরির সুপারিশ করেছিলেন তিনি। এর বিনিময়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে তাঁর অফিসসহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে ৪৫ লক্ষ টাকা নগদ ও বিভিন্ন নথি উদ্ধার করেছিল ইডি।

ইডির পাশাপাশি এবার সিবিআইয়ের এই জিজ্ঞাসাবাদ ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সুজিত বসুর কাছ থেকে ঠিক কী তথ্য পাওয়া যায় এবং তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রয়েছে সকলের। আদালতের অনুমতি পাওয়ার পর সিবিআই আধিকারিকরা দ্রুত আলিপুর সংশোধনাগারে গিয়ে তাঁকে জেরা করার প্রস্তুতি নিচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *