ধোনির প্রতিভা নিয়ে সৌরভকে আগেই সতর্ক করেছিলেন সচিন, স্মৃতিচারণায় কিংবদন্তি

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করে নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর। সচিন জানান, বাংলাদেশে ধোনির ব্যাটিং দেখার পরই তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলেছিলেন যে এই তরুণ ক্রিকেটারের মধ্যে বিশেষ কিছু রয়েছে। ধোনির বিরল প্রতিভা এবং পাওয়ার হিটিংয়ের ক্ষমতা তখনই নজর কেড়েছিল সচিনের। ভারতীয় ক্রিকেটের বহু স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকা এবং ধোনির সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার অভিজ্ঞতাকে তিনি অত্যন্ত আনন্দের বলে উল্লেখ করেছেন।
আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ধোনি ২০০৮ সাল থেকে এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ ১৭ মরশুম চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার পাশাপাশি ২০১৬ ও ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়েও খেলেছেন তিনি। ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস পাঁচবার আইপিএল ট্রফি জয় করেছে। এছাড়া ২০১০ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ট্রফিও জিতেছে তাঁর দল। ২০২৪ সালে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিলেও তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ছিলেন।
২০২৫ মরসুমে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ধোনি তাঁর শেষ আইপিএল ম্যাচটি খেলেন। এরপর কাফ মাসলে চোটের কারণে ২০২৬ সালের আইপিএল মরসুমে তিনি আর মাঠে নামতে পারেননি। তবে ক্রিকেটার হিসেবে বিদায় জানালেও চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট থাকছে। ২০২৭ মরসুমের আগে তাঁকে দলের মেন্টর হিসেবে নিযুক্ত করেছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদান এবং তাঁর অসাধারণ কেরিয়ারের প্রশংসা করে সচিন তাঁকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
